আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতনও পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় এ নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার।
মন্ত্রী বলেন, শ্রমিকদের সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা গেলে শিল্প খাতে কোনো ধরনের অসন্তোষ বা আন্দোলনের পরিস্থিতি তৈরি হবে না। তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার মালিক-শ্রমিক উভয় পক্ষের সমন্বয়ে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে, যাতে সড়কে যানজট কমানো যায়।
সভায় শ্রমিক প্রতিনিধিরা বকেয়া বেতন পরিশোধ দ্রুত করার দাবি জানান এবং ঈদযাত্রা সহজ করতে বিশেষ ট্রেন, বাস ও লঞ্চের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

