‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।
অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অটিজমসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; যথাযথ পরিচর্যা, সহানুভূতি ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমসম্পন্ন ব্যক্তিরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকগণ অংশ নেন। এছাড়া নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অর্থায়নে একজন অটিস্টিক শিশুর মাঝে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

