মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর গ্রামের হারুন-অর-রশিদের মালিকানাধীন একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং তিনটি ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী আওয়াল জানান, হঠাৎ দেখি বিদ্যুতের মিটারে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।
পুড়ে যাওয়া ঘরের মধ্যে একটি চৌচালা টিনের ঘর গৌর শিকদার নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন। ভাড়াটিয়া গৌর শিকদার জানান, আগুনে তার ঘরে থাকা সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার, খাট, ফ্রিজসহ নগদ ২ লাখ টাকা পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘরের মালিক হারুন-অর-রশিদ জানান, আগুনে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
হরিরামপুর ফায়ার সার্ভিসের লিডার মো. সোলায়মান মিয়া বলেন, বিকেল ৫ টা ৩৫ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

