দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকদের (ডিসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনে সততা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি ও বদলি হবে। ব্যক্তিস্বার্থে পেশাদারিত্ব বিসর্জন দিলে তা সাময়িক সুবিধা দিলেও রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।
নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জনমতের প্রতিফলন ঘটলে সুষ্ঠু নির্বাচন সম্ভব—এটি সাম্প্রতিক অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে। একই সঙ্গে অতীতে প্রশাসনিক বাধার কারণে নির্বাচনের মান ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও তুলে ধরেন তিনি।
ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। এতে জনসেবার মান বাড়বে এবং জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় হবে।
তিনি জানান, কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। স্বল্প সময়ে কিছু অগ্রগতি হলেও পরিস্থিতি এখনও চ্যালেঞ্জপূর্ণ। অতীতের ঋণভার, দুর্নীতি ও বিভিন্ন খাতে দুর্বলতার মধ্য দিয়েই সরকারকে কাজ শুরু করতে হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাজার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার, নাগরিক অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে বছরজুড়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজনের উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সম্পূর্ণ বৈষম্য দূর করা কঠিন হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

