AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৫ এএম, ১৩ জুন, ২০২৬

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও তিনি বক্তব্য দেবেন।

এ ছাড়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনের পর মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

সফরকালে পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে নিহত মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাতেই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!