অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উত্থাপন করা হয়। বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।
সংসদ সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এছাড়া ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।
সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬। এসব বিল উত্থাপন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল-২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল-২০২৬’ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০২৬ সংসদে উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল-২০২৬’ এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংসদে বিলগুলো দ্রুত পাস হওয়ায় আইন প্রণয়ন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

