বাংলাদেশি কর্মীদের জন্য প্রয়োজন অনুযায়ী শ্রমবাজার পুনরায় খুলতে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ বিষয়ে দ্রুত অগ্রগতির আশ্বাস দিয়েছে দুই দেশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন সংক্রান্ত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো রমনন রামকৃষ্ণন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশ একটি স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর নিয়োগ কাঠামো গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি নিয়োগসংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করা হবে।
উভয়পক্ষ মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদা অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমানো, অভিবাসন ব্যয় হ্রাস এবং বিশ্বাসযোগ্য নিয়োগ সংস্থা ব্যবহারের বিষয়েও জোর দেওয়া হয়।
বৈঠকে প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানায় মালয়েশিয়া। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা অনুযায়ী ‘নিয়োগকর্তাই খরচ বহন করবে’ নীতি বাস্তবায়ন সহজ হবে।
বাংলাদেশ এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এছাড়া মানব পাচার সংক্রান্ত চলমান আইনি বিষয়, অনিয়মিত শ্রমিকদের সমস্যা সমাধান এবং দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ জোরদার নিয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবাজার ইস্যুতে এটি প্রবাসী কল্যাণমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

