দেশের রেল বহরে নতুন করে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এসব কোচ যুক্ত হলে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য দেন রেলমন্ত্রী।
মন্ত্রী জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে এসব কোচ আনা হচ্ছে। আগামী ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, নতুন কোচ হাতে পাওয়ার পর রুট নির্ধারণ করে নতুন ট্রেন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
রেলমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে মোট রেলপথের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।
এছাড়া চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন সম্প্রসারণের কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচ আসা শুরু হলে উত্তরাঞ্চলের কিছু রুটে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

