গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট উপেক্ষা করছে এবং সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য ছিল তা ভেঙে পড়েছে। একই সঙ্গে সরকার বিরোধী মত দমনে দমন-পীড়নের পথ নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মামুনুল হক আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ কর্মসূচির অংশ হিসেবে ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ শুরু হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ এপ্রিল উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
অন্যদিকে একই বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে।
তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, সংসদে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হচ্ছে এবং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, জ্বালানি সংকট ও আঞ্চলিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে না দেওয়ার অভিযোগও রয়েছে।
বৈঠকে উপস্থিত নেতারা সংবিধান সংস্কার ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানান।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

