মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সারা দেশে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি জানান, অতীতে রাজনৈতিক বিবেচনায় কিছু ব্যক্তি অসাধু উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় ঢুকে পড়েছে। তাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।”
মন্ত্রী আরও জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে।
এ সময় তিনি সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে বলেন, এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।
সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্রুত হস্তান্তর এবং বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের আশ্বাস দেন মন্ত্রী।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

