বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সাধারণ ছুটি ঘোষণা প্রয়োজন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী (ফুলকপি প্রতীক) নির্বাচনে অংশ নিচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের প্রয়োজন হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী (কাঁচি প্রতীক) নির্বাচনে অংশ নিচ্ছেন। আগের নির্বাচনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এ আসনের ভোট স্থগিত করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, উভয় আসনেই বর্তমানে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

