মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
সোমবার (৩০ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—এই দেশগুলোর আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এর ধারাবাহিকতায় আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।
বেবিচক জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের কারণে এখন পর্যন্ত মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রতিদিনই বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

