হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। টয়লেট প্যানেলের ভেতর লুকানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা ফ্লাইটটি অবতরণের পর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গো অংশের টয়লেট প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর থেকেই সেটিকে নজরদারিতে রাখা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্ধারের পর স্বর্ণের চালানটি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

