ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে অনুষ্ঠিত প্রথম সংসদীয় কমিটির বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সংসদের কাজের সুবিধার্থে সদস্যদের সংসদ ভবনের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশনের সময় অডিও বা শব্দ বিভ্রাটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।
এদিকে, সংসদীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ধারাবাহিক বৈঠক অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এর পর থেকেই সংসদীয় কার্যক্রমকে সক্রিয় ও কার্যকর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

