মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। গত এক মাসে (২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ) এই রুটে মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, সংঘাতের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) একদিনেই ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ছয়টি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের দুটি এবং জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক মাসে প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ১ মার্চ সর্বোচ্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী দিনগুলোতেও ধারাবাহিকভাবে বাতিলের ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক রুটে ভ্রমণকারী যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

