যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা বিকাশে এ আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।
বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। তিনি জানান, একজন চিকিৎসক হিসেবে তিনি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার পরিবার ও কৃষকদের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগ গ্রহণ করেছে, যা শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে শিক্ষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং মাল্টিমিডিয়া-ভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে।
নারীর ক্ষমতায়ন নিয়েও গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নারীদের শিক্ষায় অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। ভবিষ্যতে নারীদের উচ্চশিক্ষা আরও সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের এক কর্মপর্বে তিনি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তি ও সহযোগিতার মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য কমানো এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সম্মেলনে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য, সম্মেলনের সমাপনী অধিবেশন হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ডা. জুবাইদা রহমান অংশ নেবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

