নাটোরের বড়াইগ্রামে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস (সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কল্যাণ প্রসাদ পাল, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনিয়ারা খাতুন।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং খোরপোষভিত্তিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। একই সঙ্গে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

