AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত , পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে নাগরিকদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৬ পিএম, ২০ মার্চ, ২০২৬

৫ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত , পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে নাগরিকদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তা অব্যাহত থাকবে।

শুক্রবার (২০ জুন) সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তা গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমরা এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে হারিয়েছি। প্রবাসে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসগুলো নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদে রাখার বিষয়ে কাজ করছে। বাংলাদেশ এই সংঘাতের অবসান চায় এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে। এছাড়া, যারা দেশে ফিরতে চান তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “সরকার প্রবাসীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।” নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং মোশারফ হোসেনের দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিয়ে সরকার আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যারা পুনরায় বিদেশে যেতে চান, তাদেরও সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী জানান, নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করছে। এছাড়া নিহতের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিএমইটি কার্ডধারীরা অতিরিক্ত ১০ লাখ টাকা পাবেন।

গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মোশারফ হোসেন। ইফতারের আগে চালানো ওই হামলায় মোট তিনজন প্রাণ হারান। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। বিমানবন্দরে তার পরিবারের উপস্থিতিতে মরদেহ গ্রহণ শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!