মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগে “নতি স্বীকার করতে হবে”।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর খামেনি তার প্রথম পররাষ্ট্রনীতিবিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে “অত্যন্ত কঠোর ও অনমনীয়” অবস্থান গ্রহণ করেন। বৈঠকে তিনি সরাসরি বা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, তা নিশ্চিতভাবে বলা হয়নি।
অফিসিয়াল সূত্র জানায়, দুইটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে প্রস্তাবের বিস্তারিত বা মধ্যস্থতাকারী দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। খামেনি বলেছেন, “যতক্ষণ না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতি স্বীকার করছে, পরাজয় মেনে নিচ্ছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির জন্য এটি সঠিক সময় নয়।”
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বর্তমানে তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। সংঘাতে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন এবং পরিস্থিতি এখনও স্থিতিশীল হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি।
এদিকে হরমুজ প্রণালীর কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। খামেনি সর্বশেষ বার্তায় হরমুজ প্রণালীকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: রয়টার্স।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

