পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির পঞ্চম দিনে মঙ্গলবার (১৭ মার্চ) বিক্রি করা হচ্ছে ২৭ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিতরণ করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার জন্য সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
এর আগে ১৩ মার্চ ২৩ মার্চের, ১৪ মার্চ ২৪ মার্চের এবং ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট বিক্রি করা হয়। পাশাপাশি ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরতযোগ্য নয় বলে স্পষ্ট করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

