পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। এতে মহাসড়ক ও আশপাশের সড়কে যানজটও দেখা দিয়েছে।
রাজধানীর আব্দুল্লাহপুর, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন। অনেকেই আগেভাগে টিকিট সংগ্রহ করে নির্ধারিত বাসের অপেক্ষায় সময় পার করছেন। আবার কেউ কেউ শেষ মুহূর্তে টিকিটের জন্য কাউন্টারগুলোর সামনে ভিড় করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ দূরপাল্লার বাস নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং প্রায় সব গাড়িতেই আসন পূর্ণ রয়েছে। কিছু কিছু পরিবহনের টিকিট পাওয়া কঠিন হলেও বেশিরভাগ কাউন্টারে টিকিট মিলছে বলে জানা গেছে।
গাবতলী বাস টার্মিনালের একটি পরিবহন কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তি জানান, সোমবার সারাদিনে তাদের বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোতেই আসন পূর্ণ ছিল। রাতের বাসগুলোর টিকিটও আগেই বিক্রি হয়ে গেছে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদ উপলক্ষে আগাম টিকিট কাটা যাত্রীরা কয়েক দিন ধরেই ট্রেনে বাড়ি ফিরছেন। সোমবার সন্ধ্যার পর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি আরও বেড়েছে।
রেলওয়ে সূত্র জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। কিছু ট্রেনে অতিরিক্ত বগি সংযুক্ত করা হলেও অনেক যাত্রীকে দাঁড়িয়ে বা গেটের কাছে অবস্থান করে যাত্রা করতে হয়েছে।
তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্টেশনে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আগামী কয়েক দিনে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়তে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

