পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২০ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতার মাধ্যমে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা প্রমাণ করেছে— ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব।
তিনি আরও বলেন, জাতীয় দলের এই দৃষ্টিনন্দন পারফরম্যান্স পুরো দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের ফলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে— ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

