জাতীয় সংসদে লিখিত বক্তব্য দেখে পড়ে শোনানো সংসদের নিয়ম অনুযায়ী অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের কাগজের ওপর নির্ভর না করে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ করে এ মন্তব্য করেন স্পিকার।
এর আগে আলোচনায় অংশ নিয়ে দুই সংসদ সদস্যই লিখিত বক্তব্য দেখে বক্তব্য দেন। এ সময় স্পিকার বলেন, সংসদে সরাসরি লিখিত বক্তব্য পড়ে শোনানো নিয়মসিদ্ধ নয়। সদস্যরা নোট ব্যবহার করতে পারেন, তবে তা দেখে পুরো বক্তব্য পাঠ করা উচিত নয়। সংসদের প্রচলিত রীতি অনুযায়ী সদস্যদের সরাসরি বক্তব্য দেওয়ার চর্চা করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অলি উল্লাহকে উদ্দেশ করে স্পিকার আরও বলেন, পূর্ববর্তী বক্তার মতো তিনিও কাগজ দেখে বক্তব্য দিয়েছেন, যা সংসদের প্রচলিত রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করতে হলে আগে স্পিকারের অনুমতি নেওয়া প্রয়োজন বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
এদিকে আলোচনায় অংশ নিয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেন, তার নির্বাচনী এলাকার জনগণ নানা প্রতিকূলতার মধ্যেও তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেন।
বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন মামলার মাধ্যমে তার পিতা ও ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মাসুদ বিন সাঈদী দেশে শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে গত ১৫ বছরে সড়ক ও জনপথ বিভাগে প্রায় ৫২ হাজার কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি পরিহারের আহ্বানও জানান।
এ ছাড়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গণরায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংশ্লিষ্টদের শপথ নেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যের সমালোচনাও করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগে বলেছিলেন, ‘জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না।’ এ প্রসঙ্গে মাসুদ বিন সাঈদী বলেন, জুলাই কেবল আবেগ নয়, বরং একটি বাস্তব ঘটনাও—যাকে খাটো করে দেখার সুযোগ নেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

