পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা জোরদারে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের সময় যারা বাসা ফাঁকা রেখে যাবেন এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, তারা চাইলে নিকটস্থ থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি ঠেকাতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদ সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইডসহ বিভিন্ন ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
মো. সরওয়ার বলেন, ঈদের সময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অপরাধীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে সেজন্য টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকাগুলোতে থাকবে বিশেষ নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশও মোতায়েন থাকবে বলে জানান তিনি।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যেসব নাগরিকের ঢাকায় আত্মীয়-স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে থানার সহায়তায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন। প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিতে দ্বিধা না করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
যাত্রীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজের হেফাজতে রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তির গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করেন।
ডিএমপি জানায়, ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যাতে নগরবাসী নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদের আগে ও পরে তিন দিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে। পাশাপাশি ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

