ঈদুল ফিতরের আগাম প্রস্তুতি হিসেবে আজ রাত থেকে দূরপাল্লার বাসসহ সকল গণপরিবহনে তেল নেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আর থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।
মন্ত্রী আরও বলেন, সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। এ বিষয় বিবেচনায় রেখে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই বাস ও অন্যান্য গণপরিবহন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে।
তিনি জানান, বিআরটিসির অধীনে চলাচলকারী বাসগুলো সময়সূচি অনুযায়ী চলাচল করছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। জ্বালানি সংকটের অজুহাতে কোথাও ভাড়া বাড়ানো বা অগ্রিম টিকিট ফেরত না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল, সেখান থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে অন্তত দুই-তিন লেন সচল রাখা হয়েছে। চার লেনের সড়কে সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জ্বালানি পাম্প ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
শেখ রবিউল আলম জানান, যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব প্রস্তুতি মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এবং যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। পাশাপাশি যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না এবং বিষয়টি কঠোরভাবে মনিটর করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

