পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হওয়ায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
রেলওয়ে সূত্র জানায়, যারা গত ৩ মার্চ অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারাই আজ থেকে ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারছেন।
সকাল থেকে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের আগের চাপ এড়াতে অনেক যাত্রী আগেভাগেই বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। নারী ও শিশু যাত্রীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে ঈদ উদযাপনের জন্য রওনা হয়েছেন।
যাত্রীদের মুখে বাড়ি ফেরার আনন্দ স্পষ্ট। ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জানায়, দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে গিয়ে দাদা-দাদির সঙ্গে ঈদ করার অপেক্ষায় আছে সে।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মিনাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকায় তিনি আগেই বাড়ি চলে যাচ্ছেন। ঈদের পর আবার পরীক্ষার জন্য দ্রুত ঢাকায় ফিরতে হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জগামী এক যাত্রী জানান, কয়েকদিন পর যাত্রী চাপ আরও বাড়তে পারে। শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে ভ্রমণ করা কঠিন হওয়ায় তিনি আগেভাগেই রওনা হয়েছেন।
এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তিন স্তরের টিকিট যাচাইয়ের পর যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

