পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি করছে। এই কার্যক্রমের শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা ১৯ মার্চ ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ উপলক্ষে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতি সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।
নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ নেই। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং’ টিকিট হিসেবে সংরক্ষিত থাকবে, যা যাত্রার দিন সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রমে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। আজ ১৯ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে নির্ধারিত সূচির কার্যক্রম শেষ হচ্ছে।
তবে রেল ভবনের সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং কালোবাজারি রোধে এবারও অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালু রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

