সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ। এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।
রাষ্ট্রদূত বিশেষভাবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার সম্ভাবনা তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড এসব খাতে সহযোগিতা অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
এ সময় সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি করছে এবং এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

