পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে আজ রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে টিকিট বিক্রির সময় দুই ভাগে ভাগ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একটি আইডি দিয়ে একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে ঈদযাত্রার এসব টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।
যারা নিশ্চিত আসন পাবেন না, তাদের জন্য যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৪ থেকে ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

