আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ শুক্রবার (৬ মার্চ) ১৬ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, যারা ১৬ মার্চ ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।
ঈদ উপলক্ষে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হচ্ছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়। পরে বুধবার ১৪ মার্চ এবং বৃহস্পতিবার ১৫ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ১৭ মার্চের টিকিট বিক্রি হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

