AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৫ এএম, ১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা  নিয়ে সরকারের উদ্বেগ

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানানো হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। এ সময় তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধানের সঙ্গেও টেলিফোনে কথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রাকারী এবং সেখানে অবস্থানরত বহু বাংলাদেশির চলাচল ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যেন আটকে পড়া ও গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে কয়েকটি দেশ এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া প্রবাসীকর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সংকট দ্রুত মোকাবিলা করা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অবস্থিত বাংলাদেশ মিশনের ভবন, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা অপরিহার্য। বাংলাদেশ মনে করে, সংঘাত কোনো স্থায়ী সমাধান নয়; বরং সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারই শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ।

বাংলাদেশ সরকার সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!