AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দরিদ্র ও প্রান্তিক কৃষকদের সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং কৃষিখাতকে আরও শক্তিশালী করাই এ সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। ঋণের বোঝা লাঘব হলে কৃষকদের উৎপাদনমুখী কার্যক্রমে আগ্রহ বাড়বে বলে সরকার মনে করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কৃষকদের কাছ থেকে সুদসহ মোট পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। এ ঋণই মওকুফের আওতায় আসবে।

নাসিমুল গনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। ঋণের দায়মুক্ত হয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন উদ্যমে কৃষিকাজে মনোযোগ দিতে পারবেন, যা সামগ্রিকভাবে দেশের কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও জানান, কিস্তির জন্য বরাদ্দ অর্থ কৃষকরা উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা ও উৎপাদন প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। একই সঙ্গে ঋণ মওকুফের ফলে কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে, যা ভবিষ্যতে স্বল্প সুদে ব্যাংকঋণ গ্রহণের সুযোগ বাড়াবে এবং উচ্চ সুদের মহাজনী ঋণের ওপর নির্ভরতা কমাবে।

মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য অনুযায়ী, ঋণের চাপ কমলে শস্য, মৎস্য ও পশুপালন খাতে কৃষকদের অংশগ্রহণ বাড়বে। এর ফলে জাতীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, আমদানিনির্ভরতা হ্রাস পাবে এবং গ্রাম থেকে শহরমুখী অভিবাসন ও গ্রামীণ মূল্যস্ফীতিও কমবে বলে আশা করা হচ্ছে।

এ সময় জানানো হয়, অতীতে ১৯৯১-১৯৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ ও আসল মওকুফ করেছিল, যা কৃষকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছিল।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!