বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি একাধিকবার রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবের মুখে পড়েন। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম সরকারের সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি আইনি প্রক্রিয়ায় পুনরায় চাকরিতে ফিরে আসেন।
এরপর আবার আওয়ামী লীগ সরকারের সময় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় পুনর্বহাল হন। পরবর্তীতে তাকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বাগেরহাটের বাসিন্দা আলী হোসেন ফকিরকে পেশাগত জীবনে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত বলে জানা যায়। তিনি এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
পরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। মিশন শেষে দেশে ফিরে রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

