AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজারটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গণভোটে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

ইসি সচিব আরও জানান, ২৯৭টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে আসনভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরে আখতার আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

ইসি জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে আগেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তাদের অধীনেই প্রায় ১৮ মাস পর এই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে সন্তোষজনক বলে মূল্যায়ন করেছেন।

এদিকে ভোটগ্রহণের দিন সকালে গুলশানে ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকের দিনটি নতুন বাংলাদেশের যাত্রার সূচনা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!