ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব আসনের ফল ঘোষণা করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণা উপলক্ষে সমাপনী বক্তব্যে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। ঘোষিত ফলাফলের মাধ্যমে এবারের জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রম শেষ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাপনী বক্তব্যে ইসি সচিব নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশন পৃথক তিনটি চিঠি জারি করেছিল। আদালতে মামলা চলমান থাকায় সে সময় এসব আসনের ফল প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত ওই আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

