অপেক্ষার প্রহর শেষ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রের সামনে জমতে থাকে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় দীর্ঘ লাইনে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সারাদেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ পরিবার নিয়ে, কেউ প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে এসেছেন।
অনেক ভোটার জানান, দীর্ঘ সময় পর অবাধ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

