ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ কার্যকর হয়।
এর আগে গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন নির্বাচনী প্রচারণা চালান রাজনৈতিক দল ও প্রার্থীরা।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন ও গণভোট হবে।
এর মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন (ইসি) আসনটিতে নির্বাচন বাতিল করে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।
দেশজুড়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দলভিত্তিক প্রার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকে ২৫৮ জন, জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ২২৯ জন এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকে ১৯৮ জন প্রার্থী মাঠে রয়েছেন।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩২ জন প্রার্থী নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

