AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ভোলার চরফ্যাশন ও ভোলা সদর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান।

বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ১৭টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ২৪টি উপজেলা ও ২টি সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।

নৌবাহিনী জানায়, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

এছাড়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!