মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যং এলাকার শিশু হুজাইফা সুলতানা আফনান আর বেঁচে নেই। রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মারা যায় ৯ বছর বয়সী হুজাইফা। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।
এর আগে গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্য দিক থেকে ছোড়া গুলিতে মাথায় আঘাত পায় শিশুটি। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রগুলো জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে সামরিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় সরকারি জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ তীব্র হয়েছে। বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বাড়ছে।
এই সহিংসতার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে। ওপারের গোলাগুলির কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

