নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় যমুনা সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে যমুনার নিরাপত্তা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি মোতায়েনের পরপরই ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা কার্যকর করা হলো।
অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একাধিক আন্দোলন ও নিরাপত্তা জটিলতায় রাজধানীর এই অংশে বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

