AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধের দুই বছর পর ফের সচল হচ্ছে সুলতানগঞ্জ নৌবন্দর


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:০৪ পিএম, ১৭ জুন, ২০২৬

বন্ধের দুই বছর পর ফের সচল হচ্ছে সুলতানগঞ্জ নৌবন্দর

দুই বছরের বেশি বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সুলতানগঞ্জ নৌবন্দর। এখন শুধু জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষা। এর আগে পরীক্ষামূলক চালুর পর ১০ ট্রিপ জাহাজ চালানো হয়েছিল। 

চালু হওয়ার পর এই বন্দর দিয়ে পাথর আর কয়লা আমদানি করা হবে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় নৌবন্দরটি পুর্নাঙ্গরুপে চালু করার জন্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দফতরের কমকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

সভায় নৌবন্দর চালু করা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের মতামতও দেন। তবে সবাই ছিলেন এই বন্দর চালুর পক্ষে। 

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, নৌপথে দস্যুতা থেকে বিভিন্ন অপরাধে আমরা কাজ করি। সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে সেখানে আমরা থানা স্থাপন করবো। বর্তমানে ওই উপজেলায় আমাদের ফাঁড়ি আছে তাকে থানাতে রূপান্তর করা হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ওই অঞ্চল মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত। আমরা এর আগে এখানকার নদী বন্দর নিয়ে আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছিলাম। এই বন্দর নিয়ে ইতিবাচক অবস্থানে আছি। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, এখানে বন্দর তৈরিতে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে মাদকও আছে। এর আগে সেখানে কোন স্থাপনা ছিল না। এখন সবকিছুই হয়েছে। আমরা এখান থেকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেব। 

পাথর আমদানিকারক আমিনুল ইসলাম বলেন, সড়কের চেয়ে নদী পথে পণ্য আনা নেওয়ায় খরচ কয়েকগুন কম হয়। অন্য দেশ থেকে জাহাজে পাথর আনতে কয়েকগুন বেশি টাকা খরচ হচ্ছে। ভারতের মায়া বন্দর থেকে পাথর নিয়ে আসলে খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। এসে সরকারের রাজস্ব আয় বাড়বে। ব্যবসায়ীরা উপকৃত হবেন। এই রুটে ৮০ লিটার তেলে একটি জাহাজ যাওয়া-আসা করতে পারবে। 

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি হাসেন আলী বলেন, সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা বেশ উপকৃত হবেন। সোনামসজিদ বন্দরের পাশাপাশি এই বন্দর ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে। শুধু আমদানি নয় রফতানিও করা যাবে এই বন্দর দিয়ে। আমাদের বেশ কিছু পণ্য আমরা রফতানিও করবো। এতে আমাদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। 

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, আমি সোমবার বন্দরটি পরিদর্শন করেছি। সেখানে সড়ক প্রশস্তের কাজ করছে পৌরসভা। এছাড়াও বন্দরের জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে। ব্যবসায়ীরা তাদের পণ্য রাখার জন্য সড়কের পাশে বিভিন্ন জমিও ভাড়া নিচ্ছেন। বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, বন্দরটি চালু করতে যা যা প্রয়োজন সবই করা হয়েছে। এখানে নতুন করে স্থাপনাও তৈরি করা হয়েছে। বন্দরের জন্য জমি ২৫ বছরের ইজারা নেওয়া হয়েছে। পদ্মার বেশ কিছু স্থানে ড্রেজিংও করা হয়েছে জাহাজ চলাচলের জন্য। এখন এনবিআর অনুমোদন দিলে এই বন্দর পুর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। 

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, বন্দরটি চালু হলে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এতে অপরাধও কমে আসবে। আমরা বন্দর চালুর বিষয়ে ইতিবাচক। খুব অল্প সময়ের মধ্যে এই বন্দর চালু করা হবে। এতে সবাই উপকৃত হবেন। এখন শুধু বাকি এনবিআরের অনুমোদনের অপেক্ষা। এই অনুমোদন দিলে বন্দরের কার্যক্রম শুরু করা যাবে। 

এর আগে গেল শুক্রবার (১৬ জুন) সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। 

ছয় দশক আগে রাজশাহীর সুলতানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধূলিয়ান নৌপথে বাণিজ্য চলত। কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধসহ অভ্যন্তরীণ নানা কারণে নৌপথ ও নদীবন্দর বন্ধ হয়ে যায়। সেই নৌপথে আবারও বাণিজ্য চালুর উদ্যোগ নেওয়া হয় দীর্ঘ ৫৯ বছর পর ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। চালু হওয়ার পর মাত্র ১০ দিন চলে কার্যক্রম। এরপর থেকে এই পোর্ট বন্ধ হয়ে আছে। পাঁচটি নৌযানে আমদানি-রফতানি করা হয় পাথর ও গার্মেন্টস ঝুট। 

২০২৫ সালের ১ আগস্ট অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনকালে অবকাঠামো উন্নয়ন করে দ্রুত এটি চালুর নির্দেশনা দেন। কিন্তুতা বাস্তবায়ন হয়নি। 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। এই নৌপথ চালু হলে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য ভারতে যাবে।

           

একুশে সংবাদ/এ.জে

Link copied!