ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের পর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) থাকা ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। এদের মধ্যে ৫৮ হাজার ৭৯৭ জন ব্যালট গ্রহণ করেছেন, ৪৩ হাজার ৩১৯ জন ভোট দিয়েছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

