আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণের জন্য এ আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এসব পর্যবেক্ষকের মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পর্যবেক্ষক দলে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগেও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানায়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা লামিয়া মোরশেদ জানান, আমন্ত্রিত অনেক দেশ এখনও তাদের প্রতিনিধি তালিকা চূড়ান্ত করেনি। ফলে নির্বাচনের দিন পর্যন্ত পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও নাইজেরিয়াসহ একাধিক দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণসংক্রান্ত একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

