জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমানসহ পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসে কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারতাপাড়া এলাকায় রফিকুল ইসলাম বালিস্টরের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম বালিস্টরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে গুদামঘরের তালা ভেঙে ৯৩টি বস্তার মধ্যে রাখা ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৬ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, একটি গুদামঘরে অভিযান চালিয়ে ৮৬২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। বিধি অনুযায়ী এগুলো ধ্বংস করা হবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

