দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফেরার পথে করাচি থেকে রাত ১২টায় যাত্রা শুরু করে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতের সময় যেমন কমবে, তেমনি খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ট্রানজিট ছাড়াই যাত্রা করা যাবে বলে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত ভাড়া কমবে। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে অতিরিক্ত সময় ও ব্যয়ে এই রুটে যাতায়াত করতে হতো।
ঢাকা থেকে করাচি প্রায় ১ হাজার ৪৭১ মাইল দূরত্বে যাতায়াতে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। সরাসরি ফ্লাইটে পুরো যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে আনুমানিক তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম দিনের ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটের ক্ষেত্রেও ৮০ শতাংশের বেশি আসন বুকড রয়েছে। তাঁর মতে, সরাসরি ফ্লাইট যাত্রীদের জন্য আরামদায়ক ও ঝামেলামুক্ত ভ্রমণের সুযোগ তৈরি করবে।
দীর্ঘ বিরতির পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের আশা, এতে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এই রুট শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হতে পারে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল। নতুন করে এই রুট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

