দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে দিল্লি সফরে গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় আড়াই ঘণ্টা ইমিগ্রেশন প্রক্রিয়ায় অপেক্ষায় রাখা হয়। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানা যায়।
পরিস্থিতিকে আত্মসম্মানের পরিপন্থী মনে করে তিনি পাসপোর্ট ফেরত চান এবং সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।
সফর সংক্রান্ত প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ আগেই সম্পন্ন করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপরও উদ্ভূত পরিস্থিতির কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ উর রহমান।
এদিকে, ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য জানানো হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

