ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের একাধিক ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
ঢামেক হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক আরাফাত জানান, রাতে এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেন। আহত চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর হামলায় জড়িত দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান গেট বন্ধ করে অবস্থান নিলে জরুরি ওয়ার্ডসহ কয়েকটি বিভাগে চিকিৎসাসেবা কার্যত বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

