সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই মোট ২০টি বেতন ধাপ বহাল থাকছে।
মূল বেতনের পাশাপাশি বিদ্যমান ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই কার্যকর থাকবে। ফলে রাজধানী ঢাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট মাসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৪২ হাজার টাকা।
বেতন কমিশনের সুপারিশে বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে যেখানে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ, সেখানে তা বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি এতদিন ১১তম থেকে ২০তম ধাপ পর্যন্ত সীমিত থাকা যাতায়াত ভাতা নতুন করে ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার সুপারিশ করা হচ্ছে।
নতুন বেতন কাঠামোর আওতায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও বড় ধরনের সুবিধা পেতে পারেন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, যাঁরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। মাসিক ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বাড়তে পারে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তে পারে প্রায় ৫৫ শতাংশ।
জাতীয় বেতন কমিশনের প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, বুধবার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, কমিশনের প্রস্তাবগুলো সরকারি চাকরিজীবীদের জন্য ইতিবাচক ও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত ২৪ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কয়েক দফা সময় বাড়ানো হয়।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিতে ২০টি বেতন গ্রেড চালু রয়েছে। এই কাঠামোর আওতায় দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। বর্তমান স্কেলে ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং নবম গ্রেডে নতুন যোগদানকারী প্রথম শ্রেণির কর্মকর্তার মূল বেতন ২২ হাজার টাকা। সর্বোচ্চ ধাপে সচিবদের মূল বেতন ৭৮ হাজার থেকে ৮৬ হাজার টাকার মধ্যে।
মূল বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা এবং বছরে দুটি উৎসব ভাতার পাশাপাশি বাংলা নববর্ষে অতিরিক্ত ভাতাও পেয়ে থাকেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

