আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন বুধবার (২১ জানুয়ারি)। এরপর আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, ব্যালট পেপার ব্যবহার করে স্বচ্ছ ব্যালট বাক্সে। এই ভোটের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের পরিপত্রে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত প্রার্থী লিখিত নোটিশের মাধ্যমে নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একইভাবে, কোনো রাজনৈতিক দল এক নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন করলে, দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক লিখিত নোটিশের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে রিটার্নিং অফিসারকে জানাবেন। এর ফলে দলের বাকি প্রার্থীরা আর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হবেন না।
একবার প্রার্থিতা প্রত্যাহার বা চূড়ান্ত মনোনয়ন করা হলে তা আর বাতিল করা যাবে না। রিটার্নিং অফিসার সন্তুষ্ট হলে, প্রত্যাহার বা চূড়ান্ত মনোনয়ন নোটিশের অনুলিপি তার অফিসে প্রদর্শন করবেন।
প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারি, রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ করবেন। তালিকায় প্রার্থীদের নাম বাংলা বর্ণক্রমে সাজানো হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৬৪৫টি আপিলের মধ্যে ৪২৫টি মঞ্জুর হয়েছে। ২০৯টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

