ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন কমিশনার।
বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশকে সতর্ক নজর রাখতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়েও কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনায় ভূমিকা রাখতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

